নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে সেফগার্ডিং পলিসি নিয়ে ঢাকা আহ্ছানিয়া মিশনের ওরিয়েন্টেশন

কর্মক্ষেত্রে যৌন হয়রানি, শোষণ ও নির্যাতন প্রতিরোধ এবং শিশু সুরক্ষায় কর্মীদের সচেতনতা বাড়াতে সেফগার্ডিং পলিসি বিষয়ক ওরিয়েন্টেশন আয়োজন করেছে ঢাকা আহ্ছানিয়া মিশন।

রোববার (২২ নভেম্বর) মিশনের স্বাস্থ্য ও পুষ্টি সেক্টর পরিচালিত আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রের উদ্যোগে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্র ও হেনা আহমেদ হাসপাতালে কর্মরত ২৬ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

‘প্রোটেকশন ফ্রম সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ (PSHEA) পলিসি অ্যান্ড চাইল্ড সেফগার্ডিং পলিসি’ শীর্ষক এ সেশনে যৌন হয়রানি, শোষণ ও নির্যাতন প্রতিরোধ এবং শিশু সুরক্ষায় প্রতিষ্ঠানের নীতিমালা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

এ সময় কর্মীদের দায়িত্ব ও কর্তব্য, অভিযোগ জানানোর নির্ধারিত পদ্ধতি, রিপোর্টিং প্রটোকল এবং অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কর্মক্ষেত্রে পেশাগত আচরণবিধি অনুসরণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

ওরিয়েন্টেশন পরিচালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের প্রজেক্ট ম্যানেজার ও সেফগার্ডিং কমিটির ফোকাল পারসন মাহফিদা দীনা রুবাইয়া এবং কো-ফোকাল পারসন ও সিনিয়র হিউম্যান রিসোর্স অফিসার সাম্মিয়া সাকিন।

আয়োজক প্রতিষ্ঠানের মতে, সেফগার্ডিং পলিসি সম্পর্কে কর্মীদের সচেতনতা ও যথাযথ জ্ঞান একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন প্রতিষ্ঠানের সুরক্ষা নীতি বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি জোরদারে ভূমিকা রাখবে।

 

scroll to top